প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত ক্ষমতায় গেলে দেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলের মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে। তার দাবি, এতে দেশে উগ্রবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হবে, যা বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ ও সহাবস্থানের বাংলাদেশে বিশ্বাস করে, যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তিনি দাবি করেন, নানা বক্তব্য ও আশ্বাস দিয়েও জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তার মতে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি একজন সম্মানিত ও সুপরিচিত ব্যক্তি হলেও গত দেড় বছরে তার নেতৃত্বাধীন সরকার দৃশ্যমান উন্নয়ন দেখাতে পারেনি। ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা পায়নি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কয়েকজন ছাত্রকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করার পর প্রশাসনে অনিয়ম ও অস্থিরতা বেড়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল দায়িত্ব লেখাপড়ায় মনোযোগ দেওয়া, কিন্তু বাস্তবে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যার ফলে অস্থিরতা তৈরি হচ্ছে।

জনসভায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউছুপ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা