প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চা শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেও ভুলে যাব। তাদের জন্য আমরা স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে চাই।” তিনি আরও বলেন, “আমরা চাইনা শুধু রাজার ছেলে রাজা হবে, রাণীর মেয়ে রাণী। একজন শ্রমিকের মেধাবী সন্তানও রাষ্ট্রের সহায়তায় দেশের প্রধানমন্ত্রী হতে পারবে।”

শনিবার মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা পাহাড়ী, সমতল, নিম্নাঞ্চলসহ সকল শ্রেণি, বর্ণ ও জাতির মানুষকে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। কোনো ধরনের ভেদাভেদ আমরা সহ্য করব না। ১২ ফেব্রুয়ারি জনগণের ভোট হবে দেশের পরিবর্তনের ভোট, শহীদ মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট।”

তিনি গণভোট বিষয়ে বলেন, “‘হ্যাঁ’ ভোট মানে স্বাধীনতা, ‘না’ মানে গোলামী। জনতার পক্ষ থেকে আমরা আজাদী চাই। নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য এই ভোট গুরুত্বপূর্ণ।”

কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য শরিফ মাহমুদসহ অন্যান্যরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা