আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে এবং প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে—এমন অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান কিংবা ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, আন্তর্জাতিক প্রভাবশালী কিছু শক্তি বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে হক ক্যাসেল এলাকার ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ শেষে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, প্রশাসনের উচ্চপর্যায়ে কয়েকজনের প্রতি বিশেষ অনুকম্পা লক্ষ্য করা যাচ্ছে। তার দাবি, একটি মহল নাকি আগে থেকেই নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করার তালিকা তৈরি করেছে। তিনি বলেন, “পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কেউ কেউ প্রকাশ্যেই বলছেন, ভোট হোক বা না হোক—তাদের সংসদে পাঠানো হবে। এ ধরনের পক্ষপাত দেশ ও গণতন্ত্রের জন্য ভয়ংকর।”
গণআন্দোলনের প্রসঙ্গ টেনে সাবেক এই মন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক গোষ্ঠীর নয়। দীর্ঘদিন ধরে নির্যাতন ও কারাবরণ করে বিএনপিই আন্দোলনের পথ তৈরি করেছে। অথচ এখন কিছু মহল এমন আচরণ করছে, যেন তারা নতুন করে দেশ স্বাধীন করেছে। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা লড়াই করেছি, কিন্তু ক্ষমতার জন্য দাবি তুলিনি। আজ অনেকে ইতিহাস ভুলে নানা সুযোগ-সুবিধা চাইছে।”
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী ও তাদের মিত্রগোষ্ঠী পরোক্ষভাবে ক্ষমতার নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা নির্বাচন নিজেদের মতো করে প্রভাবিত করতে চায়। তার ভাষায়, “আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, এখন ভাবখানা এমন যে বিএনপিকেও সরিয়ে দেওয়া হবে। কেউ কেউ ক্ষমতাকে পারিবারিক সম্পত্তি মনে করছে।”
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গত প্রায় দুই দশকে এলাকাবাসী নিয়মিত কোনো সংসদ সদস্যের উপস্থিতি পাননি। অথচ তিনি দুর্যোগ ও সংকটে সব সময় মানুষের পাশে ছিলেন। তিনি উল্লেখ করেন, “মন্ত্রী বা মেয়র থাকাকালে আমি কখনো গুলশানের সরকারি বাসভবনে থাকিনি, যেন সাধারণ মানুষ সহজেই আমার কাছে আসতে পারে।”
রমনা পার্ক উন্নয়নসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তার অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি ভোটারদের আশ্বস্ত করেন, ভবিষ্যতেও প্রয়োজনে তাকে এক ফোনেই পাওয়া যাবে।