আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য ভোট প্রদান আরও সহজ করতে চারটি ভিন্ন পদ্ধতিতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ব্যবস্থার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের ঠিকানা জানতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর ড্যাশবোর্ডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ এ ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
এছাড়া ভোটাররা হটলাইন ১০৫ নম্বরে ফোন করেও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানাতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে এবং এতে কোনো চার্জ প্রযোজ্য নয়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd) থেকেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে প্রবেশ করে নির্বাচনি এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করলে কেন্দ্রের তালিকা দেখা যাবে। পাশাপাশি এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বরসহ ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানা যাবে। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রাখা হয়েছে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।