ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর সংহতি প্রকাশ করে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই ম্যাচ বাতিল হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয় আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সামনে। সে কারণেই ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন জানায় তারা।
শ্রীলঙ্কার এই অনুরোধে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে পাকিস্তান। পিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে আবারও সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কলম্বো ও পাল্লেকেলেতে। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৩ উইকেটে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সূচি অনুযায়ী তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তান ম্যাচ না খেললেও নিয়ম অনুযায়ী ভারতকে শ্রীলঙ্কায় এসে ম্যাচ-সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সরকারি ও ক্রিকেটীয় পর্যায়ে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সে কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাঠানো চিঠি উপেক্ষা করা কঠিন। সূত্রটি আরও জানায়, এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে গেট মানি ও হসপিটালিটি খাতে উল্লেখযোগ্য রাজস্ব হারাবে শ্রীলঙ্কা।
সূত্র অনুযায়ী, মহসিন নাকভি শ্রীলঙ্কা বোর্ডকে আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবেন। ভারত ম্যাচ বয়কট চূড়ান্ত—এমন খবর গণমাধ্যমে প্রচারিত হলেও তা পুরোপুরি সঠিক নয় বলে উল্লেখ করা হয়েছে। পিসিবি চেয়ারম্যান সম্প্রতি দেশের বাইরে থাকায় সিদ্ধান্তটি তখন নেওয়া সম্ভব হয়নি। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবেন এবং সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।