প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কারাগার থেকে ভোট দিলেন সালমান-আনিসুল-পলকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কারাগারে থাকা নিবন্ধিত বন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সংস্কার বিষয়ক গণভোটকে সামনে রেখে বিশেষ ব্যবস্থায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে শুক্রবার ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ হাজার ৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। একই ব্যালটে তারা সংস্কার গণভোটেও মতামত প্রদান করেছেন।

শনিবার এই বিশেষ ভোট কার্যক্রমের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোট দিতে পারবেন না, তাদের ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঐতিহাসিক ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছেন কারাগারে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দি। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৯ জন উচ্চপ্রোফাইল বন্দির মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। নিবন্ধিত ভিআইপিদের মধ্যে ২২ জন রাজনীতিবিদ, ১১ জন সাবেক সচিব ও ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

ভোট ব্যবস্থাপনাকে সহজ করতে ঢাকা বিভাগকে দুটি অংশে ভাগ করা হয়েছে। ঢাকা বিভাগ–১ এ নিবন্ধিত বন্দির সংখ্যা ১ হাজার ৪৭৬ জন এবং ঢাকা বিভাগ–২ এ ১ হাজার ১৮৩ জন।

সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন জান্নাত-উল-ফরহাদ জানান, প্রত্যেক বন্দিকে একটি সিল করা প্যাকেটে তিনটি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি সংসদ নির্বাচনের ব্যালট এবং দুটি সংস্কার গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের জন্য। ভোট প্রদান শেষে খামগুলো আঠা দিয়ে বন্ধ করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটের সঙ্গে এই পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

কারা অধিদফতরের হিসাবে, ৩ ফেব্রুয়ারি ভোট দিয়েছেন ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন এবং ৬ ফেব্রুয়ারি ৪২০ জন বন্দি। নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপের মাধ্যমে তিন সপ্তাহ ধরে অনলাইনে এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ওই সময় দেশের ৭৫টি কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল প্রায় ৮৬ হাজার। তবে ভোটের জন্য নিবন্ধন করেন মাত্র ৫ হাজার ৯৯০ জন। এর মধ্যে ৩৮০টি আবেদন ত্রুটির কারণে বাতিল হয়। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা