বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের দীর্ঘদিনের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ পাবে। তিনি বলেন, আগের তিনটি জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, বরং ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর সময় এসেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু সংসদ সদস্য বাছাইয়ের জন্য নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজাতে চায় বিএনপি।
তিনি বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষ। দেশের প্রকৃত মালিক জনগণ—এই বিশ্বাস থেকেই জনগণকে সঙ্গে নিয়েই সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দলটি। সে কারণেই তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। একইসঙ্গে কৃষকদের সহায়তায় চালু হবে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে কৃষিঋণ, সার ও বীজ পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।
তিনি আরও জানান, ধানের শীষে ভোট দিলে কৃষকদের জন্য সুখবর অপেক্ষা করছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ ছাড়া সরকার গঠনের পর যত দ্রুত সম্ভব এই অঞ্চলের বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার। বিএনপির শেষ আশ্রয়ও এই দেশ। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য, যেখানে গণতন্ত্র, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত থাকবে।