বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বাস্তবতায় এখনো মা-বোনেরা ঘরের ভেতর কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। চাঁদাবাজি, দুর্নীতি ও মিথ্যা মামলার ভয়ে সাধারণ মানুষ অস্থির হয়ে আছে। প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষ কি এমন বাংলাদেশই চেয়েছিল?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। বারবার যারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ভালো-মন্দ—সবকিছুর দায়ভার তাদেরই নিতে হবে।
তিনি বলেন, দেশ সম্পদে ভরপুর হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এর মূল কারণ অসৎ ও দায়হীন নেতৃত্ব। গত সাড়ে ১৫ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, এই অর্থ দেশের প্রতিটি মানুষের অধিকার।
জামায়াত আমির দাবি করেন, ক্ষমতায় এলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতিকে পেশা বানিয়ে যারা মা-বোনদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান হবে—রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও অপরাধ করলে আইনের আওতায় আসবেন। বিচার আর কখনো টাকার বিনিময়ে বিক্রি হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, নির্বাচিত প্রতিনিধিদের প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করা হবে। এমনকি তাঁদের পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাবও স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে।
শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করবে। গ্রামভিত্তিক শিল্পায়নের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষিভিত্তিক শিল্প ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রামের চেহারা বদলে দেওয়া হবে।
তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চা-বাগান আধুনিকীকরণ এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে পুরোনো রাজনীতির অবসান এবং নতুন বাংলাদেশ গঠনের সুযোগ। তিনি বলেন, জামায়াত ক্ষমতার মালিক হতে নয়, জনগণের সেবক হতে চায়।
শেষে তিনি রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, তার প্রত্যাশা কোনো দলের বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয়।