প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-০৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পাল্টে যাচ্ছে ঢাকা-০৭ আসনের রাজনৈতিক সমীকরণ। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

জামায়াতে ইসলামী তুলনামূলক আগেভাগেই তাদের প্রার্থী হিসেবে হাফেজ মুহাম্মদ এনায়েতকে ঘোষণা করায় প্রচারণায় কিছুটা এগিয়ে ছিল দলটি। বিশেষ করে নারী শাখার নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে শক্ত অবস্থান তৈরি করেন। অন্যদিকে বিএনপি শেষ দিকে এসে প্রার্থী চূড়ান্ত করলেও, দলটির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ শুরু থেকেই সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

মনোনয়ন ঘোষণার আগেই বিভিন্ন সামাজিক উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে হামিদুর রহমান হামিদ সাধারণ ভোটারদের মধ্যে আলোচনায় আসেন। তার এসব কর্মকাণ্ড ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকা-০৭ আসন রাজধানীর কেন্দ্রস্থলে হওয়ায় সব রাজনৈতিক দলের কাছেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই অপেক্ষাকৃত ছোট দলগুলো আগেভাগে প্রার্থী চূড়ান্ত করে প্রচারে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। জামায়াতে ইসলাম ছাড়াও জাতীয় পার্টি, শাসনতন্ত্র আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন।

তবে গতকাল থেকে নির্বাচনী হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক (দা.বা.) নির্বাচনী প্রসঙ্গে দেওয়া বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এসব বক্তব্যের প্রভাব সরাসরি জামায়াতে ইসলামের অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বাংলাদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর একটি বড় অংশ দেওবন্দী আলেমদের বক্তব্যের প্রতি আস্থাশীল। বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের সঙ্গে এই ধারার আলেমসমাজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে এসব বক্তব্যের প্রভাব ভোটের মাঠে প্রতিফলিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বাস্তবতায় বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ ধানের শীষ প্রতীক নিয়ে অন্যদের তুলনায় শক্ত অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। হেফাজতের বক্তব্যের প্রভাব, ধানের শীষের জনপ্রিয়তা এবং প্রার্থী হিসেবে হামিদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা—সব মিলিয়ে ঢাকা-০৭ আসনের লড়াই এখন তুঙ্গে।

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত ফল জানা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা