প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ বক্তব্য দেন। এ সময় দেওয়া তার বক্তব্যের একটি প্রায় ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী এলাকা আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানকার ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর পুরো এলাকার জীবন-জীবিকা নির্ভরশীল। তিনি দাবি করেন, ওই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বিরাজ করছে, যা সাধারণ ব্যবসায়ী ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

এ অবস্থায় তিনি দুই হাত জোড় করে অনুরোধ জানিয়ে বলেন, অন্তত নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেন কেউ চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে না জড়ায়।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের প্রতিক্রিয়া জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা