প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া প্রস্তাবের বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম ও আত্মবিশ্বাসী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান।

৬০ বছর বয়সী তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক নির্বাসনে থাকার পর গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন। প্রায় দুই দশক পর দেশে ফিরে তিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হন। উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছাড়েন। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সাম্প্রতিক সময়ে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছে। অতীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত যৌথভাবে সরকার পরিচালনা করেছিল। বর্তমানে দেশকে স্থিতিশীল করার যুক্তিতে আবারও জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয় জামায়াত।

তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে সরকার গঠন করা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, বিরোধী দল ছাড়া গণতান্ত্রিক কাঠামো টেকসই হতে পারে না। তিনি আশা প্রকাশ করেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তাহলে তারা গঠনমূলক ভূমিকা রাখবে।

বিএনপির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, ৩০০ আসনের সংসদে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে। যদিও আসনের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে রাজি হননি তারেক রহমান, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তিনি আশাবাদী।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবে না। বরং যে দেশ বাংলাদেশের জনগণের কল্যাণে কার্যকর অংশীদার হতে পারবে, তাদের সঙ্গেই সম্পর্ক জোরদার করা হবে। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

রোহিঙ্গা সংকট নিয়ে তারেক রহমান বলেন, তিনি চান রোহিঙ্গারা সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক। তবে সেটি অবশ্যই নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পর। যতদিন নিরাপদ প্রত্যাবাসনের সুযোগ তৈরি না হবে, ততদিন মানবিক বিবেচনায় তাদের বাংলাদেশে থাকার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা