প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠিত হলে শহীদ হাদি হত্যার বিচার হবে: জামায়াত আমির

নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন ঝালকাঠির গর্ব এবং সাহসী প্রতিবাদী যুবকের প্রতীক। তিনি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়—পুরো জাতির অহংকার। তার স্বপ্ন ছিল আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। সেই স্বপ্নের পথেই লড়াই করতে গিয়ে তিনি জীবন উৎসর্গ করেছেন।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জামায়াত আমির বলেন, “আমরা সরকার গঠন করতে পারলে শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা আর চলতে দেওয়া হবে না। শহীদের পরিবারকে শুধু সহানুভূতি নয়, ন্যায়বিচার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও বর্তমান বাস্তবতায় দেশে ন্যায়বিচার অনুপস্থিত। গরিব ও নিপীড়িত মানুষ আজ আদালতে সুবিচার পাচ্ছে না। নির্যাতিত মানুষ বছরের পর বছর ঘুরেও অধিকার ফিরে পাচ্ছে না। এই অন্যায় ব্যবস্থার অবসান ঘটাতে জামায়াতে ইসলামী কাজ করবে।

 

দুর্নীতি প্রসঙ্গে তিনি কঠোর ভাষায় বলেন, বিগত বছরগুলোতে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা জনগণের সম্পদ। এই অর্থ উদ্ধারে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে এবং দুর্নীতিবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করা হবে।

 

নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেন। কিন্তু অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন পান না। জামায়াত সরকার গঠন করলে তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

 

নির্বাচন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি পেশিশক্তি দিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ হয়ে গেছে।

 

নারী নিরাপত্তা নিয়ে বক্তব্যে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মা-বোনেরা ঘরে-বাইরে সর্বত্র নিরাপদে চলাফেরা করতে পারবেন। এটি জামায়াতে ইসলামীর রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ অংশ।

 

যুবসমাজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণরা রাজপথে না নামলে দেশে পরিবর্তন সম্ভব হতো না। দেশের ভবিষ্যৎ পরিবর্তনের মূল শক্তি এই যুবকরাই, এবং তাদের হাতেই আগামী দিনের নেতৃত্ব তুলে দেওয়া হবে।

 

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন কোনো ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় বিবেচনায় হবে না—মানুষের প্রয়োজন অনুযায়ী সমানভাবে সব অঞ্চলে উন্নয়ন করা হবে।

 

জনসভার শেষে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াত আমির।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী এস এম নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হকসহ জোটের বিভিন্ন নেতা।

 

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা