প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২০৩৪ সালে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “সবার আগে বাংলাদেশ” স্লোগানে পাঁচটি ভাগে ৯টি প্রধান অঙ্গীকার ও ৫১ দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনায় ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

ঘোষিত ইশতেহারে “করবো কাজ, গড়বো দেশ”— এই মূলমন্ত্রকে সামনে রেখে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয় ঘটানো হয়েছে।

ইশতেহারের অন্যতম আকর্ষণ হিসেবে এভিয়েশন খাতের উন্নয়নে বড় পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। দলটি প্রতিশ্রুতি দিয়েছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করা হবে।

 

এই লক্ষ্যে সারা দেশে ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রথম ধাপে বিভাগীয় শহরগুলোকে এবং পরবর্তী পর্যায়ে জেলা শহরগুলোকে সংযুক্ত করতে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক যাত্রী ও লজিস্টিক হাব হিসেবে উন্নীত করার অঙ্গীকার করা হয়েছে। একইসঙ্গে কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরে আন্তর্জাতিক গেটওয়ে গড়ে তোলার কথাও বলা হয়েছে।

 

এছাড়া বিমান পরিবহন ব্যবস্থায় ডিজিটালাইজেশন নিশ্চিত করতে ‘জাতীয় লজিস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কার্গো ট্র্যাকিং, বুকিং ও রুট ব্যবস্থাপনা আরও সহজ করা হবে। বিমানবন্দরগুলোতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বিএনপি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে—দেশের সব বিমানবন্দরে নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করা হবে। টিকিট কালোবাজারি, জালিয়াতি ও অবৈধ আর্থিক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

 

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক ও প্রতিযোগিতাসক্ষম প্রতিষ্ঠানে রূপ দিতে পরিচালন কাঠামো ও সেবার মানে সংস্কার আনার কথাও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক রুট সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তি বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হবে।

 

বেসরকারি এয়ারলাইনসগুলোকে নীতিগত সহায়তা দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশে উৎসাহিত করার পাশাপাশি এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির অঙ্গীকারও করা হয়েছে।

 

এভিয়েশন বিশ্ববিদ্যালয়গুলোর আধুনিকায়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং বিমান খাতে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বিএনপির ইশতেহারে গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা