প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকছে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি জানান, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেল সাড়ে ৩টায় বিশেষ আয়োজনের মাধ্যমে ইশতেহার উন্মোচন করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ভূমিকা পালন করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

 

দলীয় সূত্র বলছে, এবারের ইশতেহারের মূল ভিত্তি হিসেবে রাখা হয়েছে বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদ। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও চাহিদাকে। জনকল্যাণমুখী নানা উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি অন্যতম আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে।

 

ইশতেহারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক সংস্কার, পররাষ্ট্রনীতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

ইশতেহারের মূল কাঠামো

 

প্রথম অধ্যায়: রাষ্ট্র ব্যবস্থার সংস্কার

গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার, সুশাসন, বিচার বিভাগ ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন।

 

দ্বিতীয় অধ্যায়: আর্থ-সামাজিক উন্নয়ন

দারিদ্র্য নিরসন, নারী ক্ষমতায়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা।

 

তৃতীয় অধ্যায়: অর্থনৈতিক পুনর্গঠন

ব্যাংকিং খাত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প ও প্রযুক্তি উন্নয়ন, পুঁজিবাজার শক্তিশালীকরণ।

 

চতুর্থ অধ্যায়: অঞ্চলভিত্তিক উন্নয়ন

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকার বিশেষ উন্নয়ন পরিকল্পনা।

 

পঞ্চম অধ্যায়: সমাজ ও সংস্কৃতি

ধর্মীয় সম্প্রীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা।

উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতি

নিম্নআয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক ২৫০০ টাকা সমমূল্যের সহায়তা

 

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি ও সহজ ঋণ সুবিধা

 

স্বাস্থ্যখাতে এক লাখ কর্মী নিয়োগ

 

শিক্ষাক্ষেত্রে মিড-ডে মিল চালু

 

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা

 

২০ হাজার কিলোমিটার নদী-খাল পুনঃখনন ও ২৫ কোটি বৃক্ষরোপণ

 

পেপাল চালু ও ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা