প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নবম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের ভুখা মিছিল: পুলিশের জলকামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে থালা-বাটি হাতে “ভুখা মিছিল” কর্মসূচি শুরু করেন তারা।

 

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানান। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

 

তবে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন।

 

এর আগে একই দাবিতে টানা তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার তারা কর্মবিরতির সময় বাড়িয়ে চার ঘণ্টায় উন্নীত করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই আজকের ভুখা মিছিলের আয়োজন করা হয়।

 

আন্দোলনকারীরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত সব দপ্তরে একযোগে কর্মবিরতি পালিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

 

সরকারি কর্মচারীরা বলছেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল সংশোধনের দাবি জানিয়ে আসলেও এখনো এ বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হচ্ছে তাদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা