প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তরের কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন।

 

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, কর্মচারীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং বিধিবদ্ধ নিয়ম মেনেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা না হওয়ায় আন্দোলন আরও জোরদার করা হয়েছে।

 

আন্দোলনরত নেতারা অভিযোগ করেন, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।

 

এদিকে, অন্তর্বর্তী সরকার বর্তমানে নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

 

উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হলেও তা বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় এ ধরনের বড় সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, পে-কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দেশের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাব্যতা পর্যালোচনা করে মতামত দেবে।

 

উপদেষ্টার তথ্য অনুযায়ী, কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করতে হলে আনুমানিক ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। তবে এটি একবারে বাস্তবায়ন না করে পর্যায়ক্রমে কার্যকর করার পরিকল্পনা থাকতে পারে। প্রয়োজনীয় অর্থের সংস্থান কীভাবে হবে— সে বিষয়েও গঠিত কমিটি পর্যালোচনা করবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা