ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির সদস্যরা। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রয়াত হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন। রাত প্রায় পৌনে ৯টা পর্যন্ত তারা নিজেদের দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো বারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও এই হত্যার বিচার নিয়ে কেউ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।”
তিনি আরও বলেন, “যদি দ্রুত এই হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার নিশ্চিত না করা হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, “ইনকিলাব মঞ্চ সবসময় সরকার ও প্রশাসনকে সহযোগিতা করেছে, কিন্তু আমাদের দাবির বিষয়ে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে আজ আমরা এখানে অবস্থান নিয়েছি।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দাবি উপেক্ষিত হয়, তাহলে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়ভার সরকারের ওপরই বর্তাবে।”
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থানরত সদস্যদের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে একচুলও সরব না।”