বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়ার অভিযোগে ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ছরওয়ার আলমের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ছরওয়ার আলমসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যাতে নারীবিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পরে দ্রুত পদক্ষেপের মাধ্যমে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬-এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৭, ১৮, ২৫, ২৬ ও ২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ছরওয়ার আলমের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।