আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে বিদ্যমান সাংবিধানিক জটিলতার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণের সুযোগ না থাকায় বিকল্প পদ্ধতিতে শপথ পড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা জানান, বর্তমান পরিস্থিতিতে দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাতে পারেন। প্রয়োজনে প্রধান বিচারপতির মতো কোনো যোগ্য ব্যক্তিকেও এ দায়িত্ব দেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, যদি রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথ আয়োজন সম্ভব না হয়, তাহলে সংবিধান অনুযায়ী নির্বাচনের তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারবেন। তবে সরকার চায়, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হোক।
আইন উপদেষ্টা ব্যাখ্যা করে বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার, স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার। কিন্তু বর্তমানে একজন নিখোঁজ এবং অপরজন কারাগারে থাকায় এবং তাদের বিরুদ্ধে গুরুতর মামলার পাশাপাশি পদত্যাগের বিষয় থাকায়, তাদের মাধ্যমে শপথ গ্রহণ বাস্তবসম্মত নয়।
তিনি জানান, এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে। আইনগত দিকগুলো পর্যালোচনা শেষে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত মতামত উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।