প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান, জোর প্রস্তুতি নগরজুড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিকেল সাড়ে ৩টায় এই ইশতেহার উন্মোচন করা হবে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পুরো আয়োজনটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এবারের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে দলীয় চেয়ারম্যান হিসেবে এটিই তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় দলীয় চেয়ারপারসন কারাবন্দি থাকায় ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ফ্যাসিবাদী সরকারের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছিল।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, বিএনপি একটি গণভিত্তিক ও তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। তারেক রহমানের নির্দেশনায় দেশের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি বাস্তবসম্মত ইশতেহার প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঘোষিত ৩১ দফার ভিত্তিতে বিভাগ থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত জনগণের মতামত সংগ্রহ করা হয়েছে। সেই মতামতের আলোকে সংযোজন-বিয়োজন করে সময়োপযোগী ও টেকসই পরিকল্পনা যুক্ত করা হয়েছে।

মাহদী আমীন আরও বলেন, বিএনপির ইশতেহারের মূল লক্ষ্য সাধারণ মানুষের সমস্যা সমাধান, জনগণের ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তন করা। এই পরিকল্পনাগুলোর মাধ্যমে দেশকে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা