রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও ঋণসংক্রান্ত চাপের মধ্যে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরম মানসিক হতাশা থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।