প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জোট প্রার্থীর পক্ষে মাঠে নামতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষে কাজ করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নিজস্ব প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ার পর জোট শরিকের প্রার্থীর ট্রাক প্রতীকে সমর্থন দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় হাইকমান্ড থেকে মৌখিকভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ এসেছে। লিখিত নির্দেশনা এখনো না পেলেও শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তারেক মুন্সী বলেন, “দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা জোটের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে মাঠে থাকব।”

এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নিয়ে একাধিক আইনি জটিলতা তৈরি হয়। যাচাই-বাছাইয়ে প্রথমে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদনের পর বিষয়টি নির্বাচন কমিশনে গড়ায়। অভিযোগ ছিল, তিনি আর্থিক দায় সংক্রান্ত তথ্য হলফনামায় গোপন করেছেন।

শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। এরপর হাইকোর্ট ও আপিল বিভাগে একাধিক আইনি চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করে দেয়। এতে নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় জোট শরিক গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেয় দলটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা