বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারের অবিলম্বে মুক্তি দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে নিজ বাসা থেকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ ঘণ্টা পার হলেও তাকে এখনও কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি।
স্ট্যাটাসে ছাত্রদল সভাপতি বলেন, আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমোদন ছাড়া কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যায় না। অথচ একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে এভাবে আটকে রাখা সংবিধান ও ফৌজদারি কার্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও দাবি করেন, এই ঘটনায় জামায়াত আমিরের প্রভাবের শিকার হচ্ছেন একজন সাধারণ চাকরিজীবী। তার মতে, যেহেতু আটক ব্যক্তিকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করা হয়নি, তাই আইনের বিধান অনুযায়ী তাকে জামিনে মুক্তি দেওয়া উচিত।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে দেওয়া একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পোস্টটিতে নারীদের অবমাননার অভিযোগ ওঠে। পরে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে আমিরের অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।