প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে জামায়াতের: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মুক্তিযুদ্ধকালে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর উচিত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামীকে বাংলাদেশের স্বাধীনতাকে স্পষ্টভাবে স্বীকার করতে হবে এবং একাত্তরের ভূমিকার জন্য অনুতাপ প্রকাশ করতে হবে। তিনি দাবি করেন, এখনো পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে জাতির কাছে কোনো ক্ষমা প্রার্থনা করা হয়নি। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ব্যাখ্যা করার নৈতিক অধিকার জামায়াতের নেই এবং সাধারণ মানুষ এমন রাজনীতি কখনো গ্রহণ করবে না।

স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তিনি বলেন, সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলের প্রতিবাদের মুখে পড়েছে।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি বলেন, এসব শক্তি এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পথসভায় তিনি কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চান এবং বলেন, বিএনপি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গণতন্ত্র ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত সীমান্তবর্তী এই আসনে শাহজাহান চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এদিন উখিয়ায় তার পক্ষ থেকে কোনো নির্বাচনী প্রচারণা চালানো হয়নি বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা