রাজশাহী বিভাগের চারটি জেলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর ধারাবাহিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের আমির ডা. শফিকুর রহমানের।
দিনের শুরুতে সকাল থেকেই নওগাঁ জেলায় নির্বাচনী জনসভার প্রস্তুতি শুরু হয়। বেলা ১১টার দিকে নওগাঁর জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াত আমিরের। সকাল থেকেই সভাস্থলে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন। এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের বক্তব্য চলছিল।
নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান জানান, এটি আমিরে জামায়াতের দ্বিতীয় সফর নওগাঁয়। এর আগে রাজনৈতিক কর্মসূচিতে তিনি এলেও সাধারণ মানুষের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। এবার নওগাঁবাসী তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, জনসভার মঞ্চ নির্মাণ প্রায় শেষ হয়েছে, সাউন্ড সিস্টেম বসানোর কাজ চলছে। ১১টি উপজেলা থেকে আগত গাড়িগুলোর জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের আশা, এই জনসভায় চার থেকে ছয় লাখ মানুষের উপস্থিতি হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। সেখানে কর্মসূচি শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন।
রাজশাহী জেলায় দুটি পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। প্রথমটি রাজশাহী সদর উপজেলার প্রবেশদ্বার গোদাগাড়ীতে দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আরেকটি বড় জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি নাটোরেই রাত যাপন করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।