আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দলটির জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তাত্ত্বিক বিশ্লেষণ থেকে শুরু করে বাস্তবভিত্তিক পরিকল্পনা—সবকিছু চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই জনসম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে কাজ করে আসছে। এবারের ইশতেহার তৈরির ক্ষেত্রেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশার আলোকে প্রস্তুত করা এই ইশতেহার দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে বলে দলের বিশ্বাস।
মাহদী আমিন উল্লেখ করেন, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ এবং ‘২৭ দফা’ কর্মসূচির মূল ভাবনার ওপর ভিত্তি করেই এবারের ইশতেহার সাজানো হয়েছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে।
দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, জনগণের ক্ষমতায়ন ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকে লক্ষ্য রেখে প্রস্তুত করা এই ইশতেহার আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।