আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার তৃতীয় রায় আজ ঘোষণা করা হবে। গত রোববার (১ ফেব্রুয়ারি) আদালত মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। প্রসিকিউশনের পক্ষে ১৪ ও ১৫ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন। আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এসএম মিরাজুল আলম আজমান।
এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক সংসদ সদস্য সাইফুলসহ আরও আটজন আসামি এখনো পলাতক রয়েছেন।
গত বছরের ২১ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং এর মধ্য দিয়েই বিচার কার্যক্রম শুরু হয়। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
মামলার প্রেক্ষাপট হিসেবে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন তরুণ নিহত হন। অভিযোগ রয়েছে, ঘটনার পর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আরও অভিযোগ আছে, ওই সময় একজন ব্যক্তি জীবিত ছিলেন—তাকেও পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। এর আগের দিন একই এলাকায় আরও একজন নিহত হয়েছিলেন।
এ নৃশংস ঘটনার পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।