বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় খুবই সংক্ষিপ্ত। মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা চালাতে হচ্ছে, যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একেবারেই নতুন অভিজ্ঞতা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রালে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, অতীতে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তার কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। ভবিষ্যতেও যদি কখনো কোনো সমস্যা বা প্রয়োজন দেখা দেয়, তারা তাকে স্মরণ করলে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহারের বিরোধিতা করে এই বিএনপি নেতা বলেন, কোনো সম্প্রদায়কে আলাদা করে চিহ্নিত করার জন্য এ ধরনের শব্দ ব্যবহার করা ঠিক নয়। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ভোটব্যাংক নয়। এই ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে একটি গোষ্ঠীকে পরোক্ষভাবে ছোট করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগে সেন্ট মেরীস ক্যাথেড্রালসহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান তার নির্বাচনী এলাকার বাইরে থাকলেও সাম্প্রতিক সীমানা পুনর্নির্ধারণের ফলে এখন সেগুলো ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত হয়েছে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে আব্বাস বলেন, বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করছে। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনযাপন করছে এবং কারও সঙ্গে তাদের বিরোধপূর্ণ সম্পর্ক নেই।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়—সবাই সমান মর্যাদার বাংলাদেশি নাগরিক।
ইসলামের শিক্ষা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা ইসলাম ধর্মের মূলনীতি। সেই আদর্শ অনুসরণ করেই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। কিছু কুচক্রী মহল মাঝে মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হয়।
খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের সংখ্যা কম মনে করে যেন কেউ নিজেদের অবহেলা না করেন। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ এবং একটি ভোটও পরিবর্তন আনতে পারে। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দিতে এবং অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মির্জা আব্বাস আশাবাদ ব্যক্ত করেন, ঢাকা-৮ আসনের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের সমর্থন ও ভোটে তিনি বিজয়ী হবেন।