প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা কোনো বাধা হবে না—এমন নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত দলটির নির্বাচনী ইশতেহারে এ অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে দলটি। ইশতেহারের ‘যুবসমাজ’ শীর্ষক অংশে বিশেষভাবে বলা হয়েছে, “যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগ হবে—বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না।”

 

রাজধানীর বনানীর একটি হোটেলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জামায়াতে ইসলামী এবার আটটি ভাগে বিভক্ত ৪১ দফা ইশতেহার প্রকাশ করেছে, যার মধ্যে ২৬টি বিষয়কে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইশতেহারে ৫টি ‘হ্যাঁ’ ও ৬টি ‘না’-ভিত্তিক নীতিগত অবস্থানও তুলে ধরা হয়েছে।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এই ইশতেহার প্রস্তুত করা হয়েছে। এতে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

 

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।

 

দলটির দাবি, এই ইশতেহার জনগণের প্রত্যাশা ও মতামতের আলোকে প্রণয়ন করা হয়েছে এবং এটি বাস্তবায়নের মাধ্যমে একটি মেধাভিত্তিক, আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা