মাত্র ২০ মিনিটের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় দফার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০.৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে এবং ইয়েনানগিয়াং শহর থেকে আনুমানিক ৯৮ কিলোমিটার পশ্চিমে।
এর আগে একই রাতে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। অল্প সময়ের ব্যবধানে দুটি ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।