প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে অবশ্যই সেটির নিবন্ধন বাতিল করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেম পুরোপুরি চালু হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গত ১ জানুয়ারি থেকে দেশে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

বিটিআরসি জানায়, এই সিস্টেম চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব সক্রিয় হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন করতে হলে কিংবা ফোনটি অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তর বা বিক্রি করতে চাইলে আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পরিচয়পত্রের তথ্য থেকে অবমুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সিম কেনার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলেও জানানো হয়েছে।

ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্যের জন্য বিটিআরসি’র ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে বলা হয়েছে। পাশাপাশি বিটিআরসি’র কল সেন্টার ১০০ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা