বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে একদিন মানুষকে এমন কথাও শুনতে হতে পারে যে—জামায়াতে ইসলামী নাকি এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা ও পুনর্লিখনের চেষ্টা করছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল—এটা ঐতিহাসিক সত্য। অথচ আজ তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি—এমন দাবি সম্পূর্ণ মনগড়া ও ইতিহাসবিরোধী।
তিনি আরও বলেন, ইতিহাস বিকৃত করা নতুন কিছু নয়। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ সত্য আড়াল করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ বোঝে—নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা আসলে এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি।
জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, একজন মুক্তিযোদ্ধাকে সামনে এনে তারা একটি প্রতীকী প্রদর্শনী করতে চাচ্ছে—যেন প্রমাণ করা যায় তাদেরও মুক্তিযোদ্ধা আছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই এই প্রতারণা মেনে নেবে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিক দায়িত্ব হিসেবে এসব মিথ্যাচারের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো জরুরি।
নারী সমাজ নিয়ে সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কয়েকদিন আগে নারীদের কর্মসংস্থান ও মর্যাদাকে চরমভাবে অবমাননা করা হয়েছে। কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর তুলনা এবং কর্মঘণ্টা কমানোর প্রস্তাব আসলে নারীর ক্ষমতায়ন নয়, বরং তাদের অর্থনৈতিক স্বাধীনতা সংকুচিত করার অপচেষ্টা।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।