প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজপথে নেমে আসা তরুণ, কাজ ফেলে আন্দোলনে যোগ দেওয়া যুবক, সন্তানকে মিছিলে পাঠিয়ে দোয়া করা বাবা ও প্রতিবাদের ঝড় তোলা শ্রমিক—সবার কাছেই রাষ্ট্রের গভীর দায় রয়েছে। সেই দায়বদ্ধতারই দলিল হলো ‘জুলাই সনদ’। কালো কালি দিয়ে লেখা হলেও এর ভিত্তি গড়ে উঠেছে রক্তের ওপর; এটি রক্তের অক্ষরে করা শপথের দলিল।

তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার জনগণের ঘাড়ে চেপে বসতে না পারে, গুম-খুন, ভোটাধিকার হরণ কিংবা মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে না পারে—সে লক্ষ্যেই আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভোট বিষয়ে প্রচার ও ভোটারদের সচেতন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন—তাদের ত্যাগ আমাদের স্পষ্ট দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। সেই দায়িত্বের একটি হলো ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকানো, আরেকটি হলো ভবিষ্যৎ বাংলাদেশের পথনকশা নির্মাণ। দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ তরুণ; আগামী কয়েক দশকে দেশ কোন পথে এগোবে, তা নির্ধারণের দায়িত্ব বর্তমান প্রজন্মের।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে একক সিদ্ধান্তে সংবিধান পরিবর্তনের নজির রয়েছে। ২০০৯ সালের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত একজনের সিদ্ধান্তেই বাতিল হয়। সংবিধান সংশোধন যেন আর কখনো ব্যক্তির খেয়ালখুশির বিষয় না হয়—এটাই সময়ের দাবি।

তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল জনগণের জন্য প্রহসন। এমনকি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও ‘সার্চ কমিটি’র নামে নাটক মঞ্চস্থ হয়েছিল। এর মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংবিধান সংস্কারের ৪৮টি সুপারিশ চারটি ক্যাটাগরিতে গণভোটে উপস্থাপন করা হচ্ছে। তবে বাস্তবে প্রশ্ন একটাই—আপনি কি জুলাই অভ্যুত্থানের পক্ষে, নাকি বিপক্ষে?

তিনি বলেন, গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে, যার ভয়াবহতা কল্পনারও বাইরে। জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সভায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা