রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও এর প্রভাবে ভয়াবহ যানজট তৈরি হয়েছে আশপাশের এলাকায়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অবরোধ উঠে যাওয়ার পর যান চলাচল শুরু হলেও দীর্ঘ সময় ধরে জমে থাকা গাড়ির চাপ কমতে দেরি হচ্ছে।
সাতরাস্তা মোড় ও সংলগ্ন সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারির কারণে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় ব্যয় করছেন।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। তিনি বলেন, সাতরাস্তা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় এখানে যান চলাচল বন্ধ থাকলে বিজয়নগরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব পড়ে। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় গাড়ির বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
এর আগে, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে আন্দোলনে নামেন কারিগরি শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে বিকেলের দিকে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।