প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মো. আলাউদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় বসবাস করতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে রিকশা চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শাহিন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহত রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা