ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি স্পষ্টভাবে বলেন, কোস্ট গার্ড কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি ব্যক্তি, দল বা রাজনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত হন, তাহলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যেই বাহিনীটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের সামগ্রিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানবপাচার দমন এবং জলদস্যুতা মোকাবিলায় কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধারে বাহিনীটির ভূমিকা প্রশংসনীয়।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের অবদান তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে উপকূলীয় জনগণকে সতর্ক করা, উদ্ধার কার্যক্রম পরিচালনা, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ এবং রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনাতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী নদী ও সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড আঞ্চলিক নিরাপত্তা জোরদারে অবদান রাখছে। এই কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
দুর্নীতিকে রাষ্ট্রের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।