টানা তিন দফা দরপতনের পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। সংশোধিত মূল্য আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে।
হালনাগাদ মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি দাম ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
বাজুস আরও জানায়, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংস্থার নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে পার্থক্য থাকতে পারে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিকেলে বাজুস সোনার দাম কমিয়েছিল। সে সময় ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর ছিল বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে মোট ২৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে বাড়ানো হয়েছিল ৬৪ বার এবং কমানো হয়েছিল ২৯ বার।