ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে লামিয়া আক্তার মীম নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাভীশিমুল গ্রামে ময়মনসিংহ–জারিয়া রেলপথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার মীম গাভীশিমুল গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জারিয়াগামী একটি লোকাল ট্রেন চলাচলের সময় হঠাৎ রেললাইনে ঝাঁপ দিলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।