বড় প্রত্যাশা আর শিরোপার স্বপ্ন নিয়ে যুব এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। তবে মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশার ছাপ রাখতে পারেনি আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
বিশ্বকাপ পর্ব শেষ করে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দেশে ফিরেছে যুব টাইগাররা। দলের সব ক্রিকেটারই একসঙ্গে দেশে পৌঁছেছেন।
গ্রুপ ও সুপার সিক্স পর্বে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে নিয়মরক্ষার লড়াইয়ে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারালেও, তাতে আর টুর্নামেন্টের ভাগ্য বদলায়নি। এ ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টুর্নামেন্টজুড়ে ব্যাটিং বিভাগ ছিল বড় হতাশার জায়গা। ওপেনার জাওয়াদ আবরারের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকলেও, বিশ্বকাপজুড়ে তিনি ছিলেন ব্যর্থ। চার ইনিংসে মাত্র ৮৩ রান করেন তিনি, গড় ছিল ২০.৭৫ এবং স্ট্রাইক রেট ৮৬। ভারতের বিপক্ষে ৫, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৭, ইংল্যান্ডের বিপক্ষে ৬ এবং জিম্বাবুয়ের বিপক্ষে করেন ২৫ রান।
অন্য ওপেনার রিফাত বেগও ইনিংস বড় করতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন। শুরু ভালো হলেও বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন তিনি।
মন্দের ভালো ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনটি অর্ধশতকের সাহায্যে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৯৪ রান করেন তিনি। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় দল বড় সংগ্রহ গড়তে পারেনি বেশিরভাগ ম্যাচেই।
সব মিলিয়ে বড় মঞ্চে আবারও প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশের যুব ক্রিকেট দল।