ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৫ দিনে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ২৭৬টি ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে এসব ঘটনায় মামলা হয়েছে ১৭৬টি।
সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি মাত্র ছয়টি আসনে তিনটি মামলার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যমতে, মিছিল-সমাবেশ, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের কারণেই অধিকাংশ ক্ষেত্রে জরিমানা ও মামলা করা হচ্ছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
তালিকা পর্যালোচনায় দেখা যায়, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১৩(গ) ধারাসহ অন্যান্য বিধি ভঙ্গের অভিযোগে দেশের বিভিন্ন আসনেও নিয়মিত মামলা ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের ৫০০ টাকা করে জরিমানা এবং একটি মামলা দায়ের করা হয়েছে। অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধিদেরও প্রতীকী জরিমানা দিয়ে সতর্ক করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ সারা দেশে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। যেসব এলাকায় বিধি ভঙ্গের প্রবণতা বেশি, সেখানে অতিরিক্ত তদারকি জোরদার করা হয়েছে।
সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে জনসভা, দেয়াল লিখন ও প্রচারণা কার্যক্রমে আচরণবিধি ২০২৫ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই কঠোর অবস্থান ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।