প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে রেহাই দেওয়া হবেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কেন্দ্র দখলের ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অপরাধী যেই হোক—ভাই কিংবা বোন—আইনের আওতায় আসতেই হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেন্দ্র দখল ঠেকাতে এবার নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, পুলিশের জন্য দেওয়া হচ্ছে ২৫ হাজার ৭০০টি বডিওর্ন ক্যামেরা এবং ব্যবহার করা হবে ড্রোন। এরপরও কেউ যদি অনিয়মের চেষ্টা করে, তাহলে তার ছবি ও তথ্য সংরক্ষিত থাকবে। এমনকি জামিনে মুক্ত হলেও পরবর্তীতে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিস্তারিত প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট সকল বাহিনী অংশ নেয়। আলোচনায় দেখা গেছে, তাদের প্রস্তুতি সন্তোষজনক এবং জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তারা সক্ষম হবে বলে সরকার আশাবাদী।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝিনাইগাতির সাম্প্রতিক ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িতদের অনেক সময় এলাকায় না পাওয়ায় ব্যবস্থা নিতে দেরি হয়, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, এবারের নির্বাচনে পোলিং সেন্টারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের ওপর হামলার ঝুঁকি নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি।

ফলাফল ঘোষণার বিলম্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হলেই তা ঘোষণা করা হবে। যেহেতু প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে, তাই ভোটের ফল মোবাইল ফোনের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়বে—এটি নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা