পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা বহনকারী শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সহিংসতা, হানাহানি ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সংযম, সহিষ্ণুতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান।
পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, শাবান মাসের অন্যতম ফজিলতপূর্ণ রাত শবে বরাত, যা রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে। এ মহিমান্বিত রজনীতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য দয়া ও ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন। শবে বরাত মূলত রমজানের আগমনের পূর্বসংকেত হিসেবেও বিবেচিত।
তিনি বলেন, এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ভুলত্রুটি ও গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। শবে বরাতের তাৎপর্য হলো—অনাচার ও অপকর্ম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, এই পবিত্র রজনীতে আমাদের সকলের উচিত সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে পারস্পরিক সহানুভূতি ও সম্প্রীতির চর্চা করা। মানবকল্যাণে নিজেদের নিবেদিত রাখার এই প্রয়াস নিশ্চয়ই মহান আল্লাহ কবুল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়ে তারেক রহমান শবে বরাত উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের সার্বিক উন্নতি ও শান্তি কামনা করেন।