প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রবাসে ভোট দিয়েছেন পাঁচ লাখের বেশি বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ভালো সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসে বসে মোট ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর মধ্যে বর্তমানে দেশে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট।

সোমবার (২ ফেব্রুয়ারি) ওসিভি ও আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনও পোস্ট বক্সে রয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছেছে।

দেশের অভ্যন্তরে ভোটাররা যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, তাদের তথ্যও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার পর্যন্ত দেশে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোট দিয়েছেন। ভোটাররা ডাক বক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট। তবে এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন মাত্র ১৪৭টি। এর মধ্যে ঢাকা জেলার রিটার্নিং অফিসাররা পেয়েছেন ৫৮৮টি ব্যালট।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা