প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আইডি হ্যাকের অজুহাত দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আইডি হ্যাকের নামে মিথ্যা প্রচার চালায়, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর রাজনীতিতে কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি।

সোমবার দুপুর পৌনে তিনটার দিকে যশোরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সমালোচনার চাপে পড়ে একটি রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার গল্প ফাঁদছে। অথচ প্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের হ্যাকিংয়ের দাবি বাস্তবসম্মত নয়। নির্বাচনের ঠিক আগে জনগণের সামনে অসত্য তথ্য উপস্থাপন করে তারা নিজেদের প্রকৃত চরিত্রই প্রকাশ করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একটি দল দেশের অর্ধেক জনগোষ্ঠী—বিশেষ করে নারীদের—তুচ্ছ করার রাজনীতি করছে এবং তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এ ধরনের মানসিকতা আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে খুলনায় দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যারা ইসলামের নামে কথা বলেন, তাদের মনে রাখা উচিত—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ও সম্মানিত ব্যবসায়ী। তাই নারীদের কর্মজীবন বা সম্মান নিয়ে কটূক্তি করার কোনো নৈতিক অধিকার কারও নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা