প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যারা নারীদের মর্যাদা ক্ষুণ্ন করে তারা দেশপ্রেমিক হতে পারে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের মর্যাদা ক্ষুণ্ন করে, মিথ্যাচার করে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে—তারা কখনোই দেশ ও মানুষের কল্যাণকামী হতে পারে না।

সোমবার দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শুধু মুখের কথা দিয়ে নয়, বাস্তব ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে হবে। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বাদ দিয়ে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো উন্নয়ন পরিকল্পনা সফল হতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যার সুফল আজও দৃশ্যমান।

নির্বাচনের প্রাক্কালে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রকাশ্যে নারীর নেতৃত্ব ও কর্মসংস্থানের বিরোধিতা করা শুধু নারীদের নয়, গোটা জাতির জন্যই অপমানজনক।

তারেক রহমান বলেন, পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে লাখো নারী শ্রম ও মেধা দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। সংসারের প্রয়োজনে বহু নারী আজ কর্মজীবনে যুক্ত, অথচ তাদের নিয়েই কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলা ব্যক্তিদের মনে রাখা উচিত—হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল উদ্যোক্তা। সুতরাং নারীর কর্মজীবনকে হেয় করার অধিকার কারও নেই।

বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, টানা দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গুম, খুন ও মামলার মাধ্যমে কণ্ঠরোধ করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটেছে। এবার নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে।

বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে।

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিল্পনগরী খুলনাকে পুনরুজ্জীবিত করা হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং তরুণদের জন্য আইটি পার্ক স্থাপন করা হবে।

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু ও ক্ষুদ্র কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা