প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনী সফরে খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানী ঢাকা থেকে তিনি যাত্রা শুরু করেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, ঢাকায় থেকে সরাসরি হেলিকপ্টারে খুলনায় পৌঁছে দুপুর ১২টায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর দুপুর ১টার দিকে তিনি খুলনা ছাড়িয়ে যশোরের উদ্দেশে রওনা হবেন।

সূচি অনুযায়ী, দুপুর ১টা ৪০ মিনিটে যশোর নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন। সব কর্মসূচি শেষে বেলা ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে পুনরায় ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে খুলনায় সকাল থেকেই বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রায় ২২ বছর পর খুলনায় সশরীরে তার উপস্থিতিকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।

এ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ধারণা, নির্বাচনী বক্তব্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি খুলনার দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত জুটমিল পুনরায় চালু ও শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে পারেন।

দলীয় সূত্র আরও জানায়, শিল্প ও বাণিজ্যের ঐতিহ্যবাহী নগরী খুলনাকে ঘিরে নতুন কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক বার্তা আসতে পারে বিএনপি প্রধানের বক্তব্যে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা