শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তিনি এ মামলার প্রধান আসামি।
সোমবার সংশ্লিষ্ট আইনজীবী জানান, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন দাখিল করা হয়েছে। শিগগিরই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মোট ৭৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার স্থান নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথম দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজ দলের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে অগ্রসর হলে প্রশাসনের বাধার মুখে পড়েন। এ সময় আবারও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে গুরুতর আহত হন রেজাউল করিম। তাকে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।
এদিকে রোববার সকাল ১১টায় শেরপুরের শ্রীবরদীতে নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।