প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম ভোট ইসলামের পক্ষে দেওয়ার আহ্বান চরমোনাইয় পীরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

তরুণ ভোটারদের উদ্দেশে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আলেম-ওলামারা যদি ন্যায় ও ইসলামের পক্ষে স্পষ্টভাবে কথা না বলেন, তাহলে দেশে আবার অশুভ শক্তির বিস্তার ঘটবে। এসব অনাচার ঠেকাতে ধর্মীয় নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রোববার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত প্রাপ্তি অর্জন করতে পারেনি। বরং নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অস্থিরতাই বেড়েছে। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে জাতি নিজেই পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহও তাদের অবস্থার পরিবর্তন করেন না।

নির্বাচনকেন্দ্রিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে পীর চরমোনাই বলেন, ভোটের সময় অনেকেই মুখে ভালো কথা বলেন, কিন্তু কালো টাকার প্রভাবে মানুষের বিবেক বিক্রি হয়ে যায়। এর ফলেই দেশ বারবার অশান্তির চক্রে পড়ছে।

কুমিল্লা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এবং বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা)।

এ ছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি মাওলানা গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের সহ-সভাপতি ডা. আব্দুল মমিন মজুমদার, মাওলানা নুর ইসলাম মীরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা