প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

 

জামায়াত আমির বলেন, “গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি অশালীন পোস্ট করা হয়েছিল। কিছু বিপথগামী লোক এই কাজটি করেছে এবং সেটিকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তবে আমরা হ্যাকারকে শনাক্ত করতে পেরেছি। কোন জায়গা থেকে এটি করা হয়েছে—সব তথ্য আমাদের হাতে এসেছে। খুব শিগগিরই বিষয়টি জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টকেও পরোয়া করার প্রশ্নই আসে না।”

 

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে শফিকুর রহমান বলেন, “কিছু গোষ্ঠী এখনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তৎপর। এদের হাতে দেশের দায়িত্ব গেলে দেশের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়বে। জনগণকে সচেতন থাকতে হবে, যাতে কোনো অপশক্তি আবার ক্ষমতা দখল করতে না পারে।”

 

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আর কোনো ভোট ডাকাত বা জালিয়াতকে সুযোগ দেওয়া হবে না। যারা অতীতে কারচুপির রাজনীতি করেছে, তাদের আর ক্ষমতায় ফেরার সুযোগ দেওয়া যাবে না।”

 

আগামী গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “যারা পুরোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে মুক্তি চান, তাদের ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আর বাংলাদেশে চলবে না।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা