আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের আগে দেশে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ১০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক প্রবণতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
খাত সংশ্লিষ্টদের মতে, সামনে জাতীয় নির্বাচন থাকায় অনেক প্রার্থী বিদেশ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন, যা বৈধ চ্যানেলে রেমিট্যান্স হিসেবে দেশে আসছে। পাশাপাশি রমজানকে সামনে রেখে পরিবারের ব্যয় নির্বাহের জন্য প্রবাসীরাও বেশি অর্থ পাঠাচ্ছেন। এসব কারণেই জানুয়ারিতে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ডলার। তবে তার আগের পাঁচ মাসে প্রবাসী আয় ছিল তিন বিলিয়ন ডলারের নিচে। নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৯ কোটি ডলার এলেও জুলাই ও আগস্টে তা ছিল যথাক্রমে ২৪৮ এবং ২৪২ কোটি ডলার। সেপ্টেম্বরে কিছুটা বেড়ে ২৬৯ কোটি ডলারে পৌঁছালেও অক্টোবরে আবার কমে দাঁড়ায় ২৫৬ কোটি ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৯৪৩ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরের ওই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ৫৯৬ কোটি ডলার।
ব্যাংকারদের মতে, অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ পাচার দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছিল। কিছু ব্যাংক দখল করে হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়। ফলে নানা প্রণোদনা দিয়েও বৈধ পথে রেমিট্যান্স বাড়ানো সম্ভব হয়নি। বর্তমানে অনেক ক্ষেত্রে অর্থ পাচার বন্ধ হওয়ায় বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়ছে।
বৈধ পথে ডলার প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক গত জুলাই থেকে বাজার থেকে ডলার কিনতে শুরু করেছে। চলতি অর্থবছরের শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৯৩ কোটি ডলার বা প্রায় ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলার ক্রয় করেছে।
উল্লেখ্য, ২০২২ সালে দেশের ডলার বাজারে অস্থিরতা দেখা দিলে প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছায়। সে সময় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়। গত তিন অর্থবছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করা হলেও ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছিল মাত্র এক বিলিয়ন ডলারের মতো।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বর্তমানে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। দর যেন অস্বাভাবিকভাবে কমে না যায়, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে ভারসাম্য রক্ষা করছে। এতে রেমিট্যান্স ও রপ্তানি খাত সুরক্ষিত থাকবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হবে।
রেমিট্যান্স বৃদ্ধি ও ডলার ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। গত ২৯ জানুয়ারি পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। উল্লেখযোগ্য যে, ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল, যা পরবর্তীতে কমতে কমতে সরকার পতনের সময় নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।